দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনার জোরালো আহ্বান জানিয়েছে চীন। বেইজিং মনে করে, দীর্ঘদিনের সংঘাতের পর এই যুদ্ধবিরতি একটি ইতিবাচক পদক্ষেপ, যা স্থায়ী সমাধানের পথ দেখাতে পারে।
শান্তির সুযোগ কাজে লাগানোর তাগিদ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করার তাগিদ দিয়েছে। চীনা মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত শান্তির এই সুযোগটিকে কাজে লাগানো এবং যত দ্রুত সম্ভব এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব এর আগে বুধবার (৮ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, বেইজিং পরিস্থিতি শান্ত করতে এবং যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি ঘটাতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। চীন শুরু থেকেই এই সংকটের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে।
মধ্যস্থতায় প্রস্তুত বেইজিং সংবাদ সম্মেলনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে চীন সব পক্ষের মধ্যে মধ্যস্থতা বজায় রাখতে প্রস্তুত রয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বেইজিং বিশ্বাস করে এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।



