বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের বর্ণিল ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ালেও প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনটি ছিল সবচেয়ে চর্চিত। ‘আন্দাজ’, ‘অ্যায়তরাজ’ এবং ‘ওয়াক্ত’-এর মতো ব্লকবাস্টার ছবিতে তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও পর্দার পেছনের পরিস্থিতি ছিল বেশ জটিল। সম্প্রতি পরিচালক সুনীল দর্শন এই বিষয়ে এক বিস্ফোরক তথ্য শেয়ার করেছেন।
সুনীল দর্শন জানান, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বারসাত’ ছবিতে শুরুতে অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করা হয়েছিল। এমনকি ছবির প্রায় অর্ধেক কাজ এবং একটি গানের শুটিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় তাঁদের ঘনিষ্ঠতার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যা অক্ষয়ের ব্যক্তিগত জীবনে অশান্তি ডেকে আনে।
খবর অনুযায়ী, অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না এই গুঞ্জনে অত্যন্ত বিরক্ত হন এবং পরিবারে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়। নিজের সংসার বাঁচাতে অক্ষয় কুমার নিজেই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে তাঁর জায়গায় ববি দেওলকে নেওয়া হয় এবং নতুন করে ছবির শুটিং শুরু করতে হয়। পরিচালক সুনীল দর্শন প্রিয়াঙ্কাকে দোষ না দিয়ে মনে করেন, যেহেতু অক্ষয় বিবাহিত ছিলেন, তাই নিজের ঘর সামলানোর দায়বদ্ধতা তাঁরই ছিল। এরপর থেকে এই জনপ্রিয় জুটিকে আর কখনও একসঙ্গে রুপালি পর্দায় দেখা যায়নি।



