১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা: ডিএমপির সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি

৩ মে ২০২৬

ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও এআই (AI) প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ট্রাফিক মামলা শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে ২০২৬) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে জরুরি নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করা হয়।

কিভাবে মামলা ও জরিমানা প্রক্রিয়া চলবে? বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরের বিভিন্ন রুটে ট্রাফিক আইন অমান্যকারী (রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্য) মালিক ও চালকদের বিরুদ্ধে ভিডিও বা স্থিরচিত্র ধারণ করা হচ্ছে। এরপর ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ সফটওয়্যারের মাধ্যমে মালিকের ঠিকানায় অটো জেনারেটেড নোটিশ ডাকযোগে পাঠানো হচ্ছে।

নোটিশ প্রাপ্তির পর মালিক বা চালককে ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নোটিশ পাওয়ার পরেও যারা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হবেন না, তাদের বিরুদ্ধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে সমন বা গ্রেফতারি পরোয়ানার মতো কঠোর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

উন্নত এআই (AI) প্রযুক্তির ব্যবহার ডিএমপি জানায়, গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল ও ক্রসিংগুলোতে উন্নত AI Based Road Transport Act 2018 Violation Detection Software যুক্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে:

  • লাল বাতি অমান্য করা।
  • স্টপ লাইন অতিক্রম।
  • উল্টো পথে গাড়ি চালানো।
  • যত্রতত্র যাত্রী উঠিয়ে প্রতিবন্ধকতা তৈরি।
  • অবৈধ পার্কিং ও লেফট লেন ব্লক করা। উপরোক্ত কারণে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল প্রসিকিউশন বা মামলা শুরু হয়েছে।

প্রতারণা থেকে সাবধান ডিএমপি বিশেষভাবে সতর্ক করেছে যে, সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মামলার জরিমানা পরিশোধের জন্য কোনো ব্যক্তিগত আর্থিক লেনদেন বা তথ্য আদান-প্রদান করা যাবে না। কোনো অসাধু চক্র যদি মামলার নাম করে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা ট্রাফিক বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানজট নিরসন ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকল নাগরিকের পূর্ণ সহযোগিতা কামনা করছে।

সর্বশেষ