দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ এক ব্যবসায়ীর সন্ধানে পরিচালিত অভিযানে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছেন পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন জোহান পটগিটার। কুমিরে ভরা নদীতে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে তিনি প্রায় ৫০০ কেজি ওজনের এবং সাড়ে চার মিটার দীর্ঘ একটি বিশাল কুমিরকে বেঁধে ফেলেন। ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে কুমিরটিকে শনাক্ত করার পর সন্দেহ হয় যে এটি কোনো মানুষকে শিকার করেছে।
পরবর্তীতে কুমিরটিকে উদ্ধার করে সেটির পেট পরীক্ষা করা হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। কুমিরের পেটে মানুষের দেহাবশেষের পাশাপাশি ছয় ধরনের ভিন্ন ভিন্ন জুতা পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি এর আগেও একাধিক মানুষকে শিকার করেছে। উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ ওই ব্যবসায়ীর কি না তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। ক্যাপ্টেন জোহান পটগিটারের এই দুঃসাহসিক বীরত্বের প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত পুলিশ প্রধান।


