১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সপ্তম রাউন্ডের ফল গণনা এগোচ্ছেন মমতা-পেছাচ্ছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক ফলাফলে রাজ্যজুড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে থাকলেও, নিজের আসন ভবানীপুরে শক্ত অবস্থানে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন বিন্যাসে এগিয়ে বিজেপি

সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৯৩টি আসনে। রাজ্যজুড়ে বিজেপির এই জয়জয়কার থাকলেও হাইভোল্টেজ কেন্দ্রগুলোতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

ভবানীপুরে মমতার লিড

রাজ্যের সার্বিক চিত্রের বিপরীতে ভবানীপুর কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সপ্তম রাউন্ড গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩২ হাজার ৮২২ ভোট। তার বিপরীতে বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী পেয়েছেন ১৫ হাজার ৪৫১ ভোট। বর্তমানে শুভেন্দুর চেয়ে ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন তৃণমূল নেত্রী।

গণনা প্রক্রিয়ার বিস্তারিত

আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রসহ ২৩টি জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়েছে। গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলতা আসনে এ মাসেই পুনরায় ভোট হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘিরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে পুরো পশ্চিমবঙ্গে। বিজেপি কি শেষ পর্যন্ত রাজ্যে সরকার গঠন করবে, নাকি তৃণমূল ঘুরে দাঁড়াবে—সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।


সর্বশেষ