অবৈধ অবস্থানকারীদের কঠোর সতর্কবার্তা দিলো সৌদি আরব

১৪ জুলাই ২০২৬

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। নিয়ম লঙ্ঘন করে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, কারাদণ্ড এবং নিজ দেশে নির্বাসনের (ডিপোর্টেশন) মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে দেশটি। সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকারও বেশি।

জরিমানার পাশাপাশি অপরাধীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একইসঙ্গে তাকে সৌদি আরব থেকে নির্বাসন দেওয়া হবে এবং পরবর্তীতে তার সৌদি আরবে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

কেন এই কঠোর পদক্ষেপ?

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করা এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান না করেন, তা নিশ্চিত করা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, দেশের শ্রমবাজার রক্ষা করা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এই কঠোর পদক্ষেপ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান চালাচ্ছে।

তথ্য দিতে চালু ২৪ ঘণ্টার বিশেষ হটলাইন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বৈধ বাসিন্দাদের প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কোনো ঘটনা সন্দেহজনক মনে হলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। এই তথ্য জানানোর জন্য একটি হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে:

  • মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ: বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন।
  • অন্যান্য সব অঞ্চল: দেশের বাকি অঞ্চলের জন্য ৯৯৯ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।

সর্বশেষ