যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের আওতায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। শাহবাজ শরিফ জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং একই সময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হবে।
আঞ্চলিক শান্তির বড় পদক্ষেপ
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “এই সমঝোতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পদক্ষেপ।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের দুই প্রেসিডেন্টের স্বাক্ষরের পর চুক্তিটি অবিলম্বে কার্যকর হবে।
কাল সুইজারল্যান্ডে বিশেষ অনুষ্ঠান
টুইট বার্তায় শাহবাজ শরিফ আরও জানান, কাতারের সহায়তায় আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।
১৪ দফার সমঝোতা স্মারক
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে ১৪ দফার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকে তিনি ফ্রান্সের ভার্সাইয়ে স্বাক্ষর করেছেন। চুক্তি সম্পাদনের পর ট্রাম্প বলেন, “চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ভার্সাইয়ে স্বাক্ষর করা হয়েছে। মাত্রই স্বাক্ষর করলাম।”
অন্যদিকে ইরানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফার এই সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।



