মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে নতুন করে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারের দফায় এক লাফে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
শুক্রবার (৩ জুলাই) সকালে দেশের বাজারের জন্য সোনার নতুন এই দর নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। নতুন এ দর আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সোনার নতুন মূল্যতালিকা (ভ্যাটসহ):
- ২২ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (প্রতি ভরি)
- ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা (প্রতি ভরি)
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা (প্রতি ভরি)
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা (প্রতি ভরি)
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে, সবশেষ গত ২ জুলাই সকালে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
চলতি বছরের সোনার দামের ওঠানামা:
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৬ দফা সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৩ দফা, কমানো হয়েছে ৪২ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।
সোনার সাথে বাড়ল রুপার দামও:
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।
রুপার নতুন মূল্যতালিকা:
- ২২ ক্যারেট: ৪ হাজার ৮৯৯ টাকা (প্রতি ভরি)
- ২১ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা (প্রতি ভরি)
- ১৮ ক্যারেট: ৪ হাজার ২৪ টাকা (প্রতি ভরি)
- সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩৩ টাকা (প্রতি ভরি)
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৩ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৭ দফা এবং কমানো হয়েছে ২৬ দফা। আর বিগত ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে দাম বেড়েছিল ১০ বার এবং কমেছিল ৩ বার।



