সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে-স্কেল বা বেতন কাঠামো নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়েছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে একবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। এর প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেবল মূল বেতন বা বেসিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে এই সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হতে পারে। দীর্ঘ প্রায় ১১ বছর পর উচ্চ মূল্যস্ফীতির বাজারে জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকার এই উদ্যোগ নিয়েছে।
১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে ধাপে ধাপে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চালুর বিষয়টি সামনে আনেন। তিনি স্পষ্ট করেন যে, আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হবে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ও রাজনৈতিক নির্দেশনার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলো গেজেট চূড়ান্ত করার লক্ষ্যে নিবিড় পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।
২০টি গ্রেডের প্রস্তাবিত নতুন মূল বেতন কাঠামো
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। খসড়া প্রস্তাব অনুযায়ী গ্রেডভিত্তিক মূল বেতনের তালিকা নিচে দেওয়া হলো:
- ১ম (সর্বোচ্চ) গ্রেড: ১,৬০,০০০ টাকা
- ২য় গ্রেড: ১,৩২,০০০ টাকা
- ৩য় গ্রেড: ১,১৩,০০০ টাকা
- ৪র্থ গ্রেড: ১,০০,০০০ টাকা
- ৫ম গ্রেড: ৮৬,০০০ টাকা
- ৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০ টাকা
- ৭ম গ্রেড: ৫৮,০০০ টাকা
- ৮ম গ্রেড: ৪৭,২০০ টাকা
- ৯ম গ্রেড: ৪৫,১০০ টাকা
- ১০ম গ্রেড: ৩২,০০০ টাকা
- ১১তম গ্রেড: ২৫,০০০ টাকা
- ১২তম গ্রেড: ২৪,৩০০ টাকা
- ১৩তম গ্রেড: ২৪,০০০ টাকা
- ১৪তম গ্রেড: ২৩,৫০০ টাকা
- ১৫তম গ্রেড: ২২,৮০০ টাকা
- ১৬তম গ্রেড: ২১,৯০০ -টাকা
- ১৭তম গ্রেড: ২১,৪০০ টাকা
- ১৮তম গ্রেড: ২১,০০০ টাকা
- ১৯তম গ্রেড: ২০,৫০০ টাকা
- ২০তম (সর্বনিম্ন) গ্রেড: ২০,০০০ টাকা
সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, চলতি জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের মধ্য দিয়েই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই দীর্ঘ প্রতীক্ষিত পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।



