৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

৭ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে সামরিক হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আরাঘচি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার কোনো পরিকল্পনা নেই। তবে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ইরানের জবাবি হামলার আওতায় আসবে। আল জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারের অংশবিশেষ পরবর্তীতে তার সরকারি টেলিগ্রাম চ্যানেলেও প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গও তোলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি মৌলিক ও অখণ্ড অধিকার। তবে এই বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘স্বস্তিদায়ক’ সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত।

আরাঘচির ভাষায়, “পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি চালু থাকবে। বোমাবর্ষণ করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারেনি। আমরা এ বিষয়ে একটি স্বস্তিজনক চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে উভয় পক্ষই মনে করে, এই আলোচনা খুব শিগগিরই হওয়া প্রয়োজন।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই অন্তর্ভুক্ত হবে না। কারণ এটি দেশের প্রতিরক্ষার সঙ্গে সরাসরি জড়িত এবং আলোচনার কোনো সুযোগ নেই।

এদিকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠক প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে আলোচনা খুবই ইতিবাচক হয়েছে।

সূত্র: এএফপি

সর্বশেষ

৭ ফেব্রুয়ারি ২০২৬