৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এবারের রোজা ২৯ নাকি ৩০টি?

৭ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদ দেখা ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস শুরুর তারিখে সামান্য তারতম্য দেখা যেতে পারে। কোথাও রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কিছু দেশে তা শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। তবে জ্যোতির্বিদদের ধারণা অনুযায়ী, রমজানের শেষ ও শাওয়াল মাসের সূচনা—অর্থাৎ ঈদুল ফিতর—বেশির ভাগ মুসলিম দেশে একই দিনে উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের শুরুতে কিছু মতভেদ থাকলেও মাসের শেষের দিকে গিয়ে সেই ভিন্নতা আর থাকবে না। তার মতে, অধিকাংশ দেশে রমজান শেষ হতে পারে ১৯ মার্চ এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২০ মার্চ।

সংযুক্ত আরব আমিরাতের দৈনিক এমারাত আল ইউমকে দেওয়া এক সাক্ষাৎকারে আল জারওয়ান বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস হবে ২৯ দিনের। সব দিক বিবেচনায় নিলে রমজান শুরু হওয়ার সবচেয়ে সম্ভাব্য তারিখ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

তিনি আরও জানান, রমজানের নতুন চাঁদ জন্ম নেবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে (আমিরাত সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। তখন চাঁদের বয়স হবে প্রায় ২ ঘণ্টা ১২ মিনিট, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এ কারণে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি, এবং সেই হিসাব অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ

৭ ফেব্রুয়ারি ২০২৬