নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। ফাইনাল ম্যাচে শক্তিশালী পারফরম্যান্সে বাংলাদেশকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে তারা। ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল ভারত।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। তিন ম্যাচে ১৮ গোল করলেও নিজেদের জালে কোনো গোল হজম করেনি দলটি। তবে ফাইনালে এসে সেই চিত্র পুরোপুরি বদলে যায়। গোলশূন্য থাকার পাশাপাশি রক্ষণভাগের একের পর এক ভুলে চার গোল হজম করে বাংলাদেশ। বিপরীতে ভারত ছিল পরিকল্পিত ও নিয়ন্ত্রিত ফুটবলে অনেক বেশি কার্যকর।
গ্রুপ পর্বে বাংলাদেশই ২-০ গোলে ভারতকে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে পুরো খেলায় আধিপত্য দেখিয়েছিল লাল-সবুজের দল। কিন্তু ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় কোচ বাটলারের শিষ্যরা। রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে এবং গোলরক্ষক ইয়ারজানের ভুল পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।
ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ভুলে ভারতীয় অধিনায়ক পুরোপুরি আনমার্কড অবস্থায় বক্সে বল পেয়ে যান এবং সহজেই গোল করেন। দ্বিতীয়ার্ধে একটি বিতর্কিত সিদ্ধান্তে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৬১ মিনিটে একটি লং বল সামলাতে গিয়ে গোলরক্ষক ইয়ারজান ব্যর্থ হলে ভারতীয় ফরোয়ার্ড ডাইভ দিলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করে ভারত।
এর কিছুক্ষণ পর প্রতীমার ব্যাক পাসে শট নিতে গিয়ে আবারও চাপে পড়েন ইয়ারজান। সামনে ছুটে আসা পার্ল ফার্নান্দেজের গায়ে লেগে বল চলে যায়, পরে সহজ টোকায় তৃতীয় গোল আদায় করে নেয় ভারত। ম্যাচের ৮৩ মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৪-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাটলারের দল, আর সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা উদ্যাপন করে ভারত।



