আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানাল মিশর

বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচের রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়ে জাতীয় দলের পাশে থাকা দেশ-বিদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংস্থাটি।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ সময়ের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রেফারিং ও ভিএআর (VAR) নিয়ে গভীর উদ্বেগ

ম্যাচ শেষে প্রকাশিত এক বিবৃতিতে ইএফএ জানায়, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে ব্যর্থতার বিষয়ে নীরব থাকা সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়:

“ম্যাচের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এসব সিদ্ধান্তের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরাসরি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।”

ইএফএর দাবি, দেশি-বিদেশি অনেক ফুটবল বিশ্লেষক ও বিশেষজ্ঞও ম্যাচে একাধিক বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেছেন। ২০২৬ বিশ্বকাপের মতো বড় আসরে সর্বোচ্চ মানের সততা, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করে ফেডারেশন।

‘সমান সুযোগ ও আচরণ পাননি খেলোয়াড়রা’

বিবৃতিতে আরও বলা হয়, মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সবসময় ফেয়ার প্লে, ক্রীড়াসুলভ মানসিকতা এবং ফুটবলের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। সেই নীতির ভিত্তিতেই প্রতিটি দলের জন্য সমান সুযোগ ও সমান আচরণ নিশ্চিত হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ঘটনাগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের মধ্যে স্বাভাবিকভাবেই হতাশা তৈরি করেছে।

জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা করা ফেডারেশনের দায়িত্ব উল্লেখ করে ইএফএ জানায়, মিশরের জার্সি গায়ে মাঠে নামা প্রতিটি খেলোয়াড় এবং দলের পাশে থাকা প্রতিটি সমর্থক ন্যায্যতা, সম্মান এবং ফুটবলের আইন সমানভাবে প্রয়োগের দাবি রাখেন।

হারের পরও দলের পারফরম্যান্সে গর্বিত মিশর

সব বিতর্কের পরও দলের পারফরম্যান্স নিয়ে গর্ব প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ভাষ্য, ম্যাচের ফল এখন ইতিহাসের অংশ হলেও পুরো টুর্নামেন্টজুড়ে দলের সাহস, নিষ্ঠা ও লড়াকু মানসিকতা মিশরীয় ফুটবলের প্রকৃত মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

সবশেষে সমর্থকদের উদ্দেশে ইএফএ জানায়, “জাতীয় দলের হৃদয় ও শক্তি হয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রাণিত করবে, যাতে মিশরীয় ফুটবলের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।”

সর্বশেষ