ফাস্ট চার্জিং বা দ্রুত চার্জিং প্রযুক্তি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা। অল্প সময়েই ফোনের ব্যাটারি অনেকটা চার্জ হয়ে যায়। বর্তমানে বাজারে ৩০ ওয়াট থেকে শুরু করে ১০০ ওয়াট বা তারও বেশি ক্ষমতার চার্জিং সুবিধার স্মার্টফোন রয়েছে। কিছু ফোনে মাত্র পাঁচ মিনিটেই প্রায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়ার সুবিধাও দেখা যাচ্ছে।
তবে দ্রুত চার্জিং নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন রয়েছে—এতে কি দীর্ঘমেয়াদে ফোনের ব্যাটারির ক্ষতি হয়?
বিশেষজ্ঞদের মতে, ফাস্ট চার্জিং নিজে থেকে ব্যাটারি নষ্ট করে না। তবে দ্রুত চার্জের সময় অতিরিক্ত তাপ উৎপন্ন হলে ব্যাটারির স্বাভাবিক ক্ষয় বা সক্ষমতা কমে যাওয়ার প্রক্রিয়া কিছুটা দ্রুত হতে পারে। স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কর্মক্ষমতা হারায়। তাপমাত্রা বেশি থাকলে এই ক্ষয়ের গতি আরও বাড়তে পারে।
তবে আধুনিক স্মার্টফোনে ব্যাটারি সুরক্ষায় নানা প্রযুক্তি ব্যবহার করা হয়। হিট শিল্ড, থার্মাল লেয়ার, কুলিং পাইপ ও কিছু গেমিং ফোনে ফ্যানের মতো প্রযুক্তি অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি অ্যাডাপটিভ চার্জিং, মাল্টি-স্টেজ চার্জিং এবং উন্নত চার্জিং প্রোটোকলের মাধ্যমে ব্যাটারির ওপর চাপ কমানোর ব্যবস্থা রাখা হয়।
ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জিং নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকে। ফলে স্বাভাবিক ব্যবহারে ফাস্ট চার্জিংয়ের কারণে ফোন বিস্ফোরিত হওয়ার আশঙ্কা অত্যন্ত কম। তবে নিম্নমানের চার্জার বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি ব্যবহার করলে ঝুঁকি বাড়তে পারে।
ব্যাটারি ভালো রাখতে করণীয়
- ফোনকে অতিরিক্ত গরম হতে দেওয়া যাবে না।
- দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে রেখে না দেওয়াই ভালো।
- প্রয়োজন অনুযায়ী ফাস্ট চার্জিং ব্যবহার করা যেতে পারে।
- সরাসরি রোদে বা গরম গাড়ির ভেতরে ফোন দীর্ঘ সময় রাখা উচিত নয়।
- সম্ভব হলে ফোনের অনুমোদিত বা মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করা উচিত।
সব মিলিয়ে, ফাস্ট চার্জিং ব্যাটারির জন্য সরাসরি ক্ষতিকর নয়। তবে অতিরিক্ত তাপ ও দীর্ঘদিনের উচ্চ তাপমাত্রা ব্যাটারির আয়ু কিছুটা কমিয়ে দিতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী দ্রুত চার্জিং ব্যবহার এবং ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করাই ব্যাটারি ভালো রাখার অন্যতম উপায়।


