মার্কিন পপতারকা টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনার নতুন এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। তার বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর বাইরে থেকে কুড়িয়ে আনা সাধারণ আবর্জনাও এবার বিক্রি হচ্ছে চড়া দামে। আর অবাক করার মতো বিষয় হলো, প্রিয় তারকার সেই তথাকথিত স্মারক কিনতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউ ইয়র্কের শিল্পী ও কুইন্সের বাসিন্দা জাস্টিন গিগনাক সম্প্রতি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন। সেখানেই মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে টেইলর সুইফটের আলোচিত বিয়ের আয়োজন হয়েছিল। পরে তিনি সংগৃহীত এসব ফেলে দেওয়া বস্তু স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবের মধ্যে সংরক্ষণ করে ‘পকেট গার্বেজ’ নামে বিক্রির জন্য উন্মুক্ত করেন।
মাত্র ২৪ ঘণ্টায় সব বিক্রি!
সংগৃহীত বর্জ্য দিয়ে তৈরি প্রতিটি ছোট কিউবের দাম রাখা হয় ২৫ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ হাজার টাকা)। অবাক করার মতো বিষয় হলো, বিক্রি শুরুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সব কটি কিউব বিক্রি হয়ে যায়। এ ছাড়া ১০০ ডলার মূল্যের বড় আকারের কিছু কিউবও বাজারে ছাড়েন এই শিল্পী।
কী আছে এই ‘স্মারক’ কিউবে?
অ্যাক্রিলিক কিউবগুলোর ভেতরে রাখা হয়েছে একেবারেই সাধারণ ও ফেলে দেওয়া কিছু বস্তু— যেমন সিগারেটের ফিল্টার, চুইংগামের মোড়ক, জুসের স্ট্র, একটি এয়ারপড এবং ব্যবহৃত ওভুলেশন টেস্ট কিটসহ নানা জিনিস।
জাস্টিন গিগনাক তার ওয়েবসাইটে লিখেছেন, বড় কোনো অনুষ্ঠান শেষে চারপাশে আবর্জনা পড়ে থাকাই স্বাভাবিক। তবে এই সংগ্রহের বিশেষত্ব হলো—এসব বস্তু টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বহুল আলোচিত বিয়ের ভেন্যুর একেবারে কাছাকাছি এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। তার ভাষায়, “আমন্ত্রণপত্র ছাড়া ওই অনুষ্ঠানের যতটা কাছে যাওয়া সম্ভব ছিল, এই সংগ্রহ ঠিক সেই স্মৃতিরই প্রতীক।”
তারকাদের ব্যবহারের প্রমাণ নেই
গিগনাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এসব জিনিস টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের কোনো অতিথি ব্যবহার করেছেন—এমন কোনো প্রমাণ নেই। সবকিছুই বিয়ের দিন ভেন্যুর বাইরের নিরাপত্তা বেষ্টনীর আশপাশ থেকে সংগ্রহ করা হয়েছে।
রসিকতা করে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বিয়ের অনুষ্ঠানে আমার আমন্ত্রণ ছিল না। তাই ভেতরের ‘আসল’ আবর্জনা সংগ্রহের সুযোগও পাইনি।” তবে তার বিশ্বাস, এসব বস্তু কোথা থেকে এবং কোন ঐতিহাসিক মুহূর্তে সংগ্রহ করা হয়েছে—ভক্তদের কাছে সেটিই সবচেয়ে বড় আকর্ষণ।
বিশ্বজুড়ে টেইলর সুইফটের ভক্তরা ‘সুইফটিজ’ নামে পরিচিত। প্রিয় তারকার বিয়ের ভেন্যুর বাইরের আবর্জনাকে স্মারক হিসেবে চড়া দামে কিনে তারা আবারও প্রমাণ করলেন তাদের অনন্য উন্মাদনা।



