বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬ ফাইটার জেট-স্নাইপার টিম

১৯ জুলাই ২০২৬

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফাইনাল ম্যাচে সশরীরে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই উপস্থিতিকে কেন্দ্র করে স্টেডিয়ামের আকাশে টহল দেবে ‘এফ-১৬’ ফাইটার জেট, ছাদে মোতায়েন থাকবে স্নাইপার টিম এবং নিরাপত্তায় নিয়োজিত থাকবেন হাজারো এফবিআই (FBI) এজেন্ট।

বিশ্বকাপের ফাইনালকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, এই নিরাপত্তা অভিযানের ব্যাপ্তি প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান বা স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সমপর্যায়ের এবং এটি সুপার বোলের চেয়েও বড় অভিযান।

৪ ঘণ্টা আগে আসার পরামর্শ

নিরাপত্তা কড়াকড়ির কারণে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের ব্যাপক বিলম্বের মুখে পড়তে হতে পারে। এ কারণে হোয়াইট হাউসের পক্ষ থেকে দর্শকদের ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আকাশসীমায় কড়া নজরদারি ও ড্রোন জব্দ

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে স্টেডিয়াম ও এর আশপাশের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ বা সাময়িক উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনীর ‘এফ-১৬’ যুদ্ধবিমান একটি ছোট বেসামরিক বিমানকে বাধা দিয়েছে। এছাড়া টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের নিষিদ্ধ আকাশসীমায় উড়তে থাকা শত শত ড্রোন জব্দ করেছে এফবিআই।

ট্রফি তুলে দেবেন ট্রাম্প

এবারের বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে বিজয়ী দলের হাতে বিশ্বজয়ের শিরোপা তুলে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

৬২৫ মিলিয়ন ডলারের বাজেট ও দীর্ঘ পরিকল্পনা

গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এক বন্দুকধারীর নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ার ঘটনার পর থেকেই এই নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এর জন্য ৬২৫ মিলিয়ন ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদান অনুমোদন করেছেন। ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পুলিশ প্রায় দুই বছর ধরে যৌথভাবে এই নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্টের উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।” তবে ট্রাম্পের উপস্থিতির কারণে দর্শকদের ট্রাফিক ও চলাচলে কিছুটা ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সর্বশেষ