ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ের কারণে পরীক্ষায় পাসের হার কমছে এবং ফেলের হার বাড়ছে বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, সব বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, অতীতেও এই দুটি বিষয়েই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং ইংরেজি ও গণিতে খারাপ করার প্রভাব সামগ্রিক ফলাফলে পড়ছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তুলনায় এবার সার্বিক ফলাফলেই বড় ধরনের ধস নেমেছে। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।



