রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান

১০ আগস্ট ২০২৬

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে। এর ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা মাসিক ভাতা পাবেন। সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি আগস্ট মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গঠিত বিশেষ সেলের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সেলের অন্যান্য সদস্য ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কে কত টাকা ভাতা পাবেন?

  • মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক: প্রতি মাসে ৫,০০০ টাকা।
  • মসজিদের মুয়াজ্জিন, মন্দিরের সেবাইত, বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও গির্জার সহকারী যাজক: প্রতি মাসে ৩,০০০ টাকা।
  • মসজিদের খাদেম: প্রতি মাসে ২,০০০ টাকা।

সম্মানীর এই অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পৌঁছে যাবে।

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকা ভেদে নির্দিষ্ট সংখ্যক মসজিদ-মন্দির এবং জেলাভিত্তিক ২৫ শতাংশ হারে বৌদ্ধ বিহার ও গির্জা নির্বাচন করা হবে। পুরো প্রক্রিয়ার জন্য চলতি বাজেটে ১,১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ বছরের মধ্যে দেশের প্রায় এক-চতুর্থাংশ প্রতিষ্ঠান আওতাভুক্ত হবে এবং আগামী তিন বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

উল্লেখ্য, গত ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সদস্যকে প্রথমবার এই ভাতা প্রদান করা হয়েছিল।

সর্বশেষ