বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকর্ষণ করার পাশাপাশি অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে ভিসা নীতিতে একগুচ্ছ বড় পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই ব্যবস্থায় অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের জন্য আবাসিক ভিসার শর্ত শিথিল এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে আমিরাত কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্তের তথ্য জানানো হয়।
পর্যটক ভিসা এখন আরও সহজ ও দ্রুত
দুবাইসহ সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটক ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। এখন থেকে অনুমোদিত ট্রাভেল বা পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের ‘একবার প্রবেশযোগ্য’ (Single Entry) পর্যটক ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পাচ্ছে আরও ৬ দেশ
আমিরাতের ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আরও ছয়টি দেশের নাগরিকদের জন্য সম্প্রসারণ করেছে। এর ফলে ১৪ ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে সহজে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন:
- ইন্দোনেশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- কেনিয়া
- দক্ষিণ আফ্রিকা
এর আগে এই সুবিধাটি নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বিনিয়োগকারীদের জন্য শর্ত শিথিল
বিনিয়োগকারীদের জন্য দুই বছরের আবাসিক ভিসার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। আগে একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার যে বাধ্যবাধকতা ছিল, তা বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে। আর যৌথ মালিকানার ক্ষেত্রে প্রত্যেক বিনিয়োগকারীর অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে।
জরিমানা ছাড়া অতিরিক্ত ৩০ দিনের সুযোগ
সম্প্রতি মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটার কারণে যারা নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান (Overstay) করতে বাধ্য হয়েছেন, তাদের জন্য জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন সময় দিয়েছে আমিরাত সরকার। তবে আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে।
স্মার্ট মেডিকেল ভিসা ও নতুন নিষেধাজ্ঞা
চিকিৎসা পর্যটন খাতকে আরও গতিশীল করতে ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি। এই ব্যবস্থায় ভিসা, আবাসন ও চিকিৎসাসেবাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে বিদেশি রোগীদের পুরো চিকিৎসা প্রক্রিয়া আরও সহজ করা হবে।
অন্যদিকে, ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হলো: ১. গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ২. উগান্ডা ৩. দক্ষিণ সুদান



