নোয়াখালীতে ‘সুন্দরপুর-৪’ গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

২৯ জুলাই ২০২৬

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ‘সুন্দরপুর-৪’ নামে নতুন একটি গ্যাস কূপের খননকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কূপটি থেকে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। খনন কার্যক্রম পরিচালনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বুধবার দুপুরে বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ড্রিলিং) ও ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুর থেকেই আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন কূপটি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত। এর আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় অবস্থিত সুন্দরপুর গ্যাস ফিল্ডের আওতায় ১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল।

নতুন কূপটি ভৌগোলিকভাবে সেনবাগে হলেও এটি একই ভূগর্ভস্থ গ্যাস ফিল্ড কাঠামোর অংশ হওয়ায় বাপেক্সের নামকরণ নীতিমালা অনুযায়ী এর নাম রাখা হয়েছে ‘সুন্দরপুর-৪’

ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, কূপটির নির্ধারিত গভীরতা ১ হাজার ৬০০ মিটার। এর মধ্যে মাটির প্রায় ১ হাজার ৩৬১ মিটার নিচে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে মূল খননকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কূপটি সফল হলে প্রতিদিন ৫ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে। বর্তমানে কূপে পূর্ণোদ্যমে খনন কার্যক্রম চলছে এবং সফল হলে দেশের গ্যাস সরবরাহ বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ