জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচিকে ঘিরে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশও দায়িত্ব পালন করছে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার ছয়টি উপজেলায়।
এসব উপজেলা হলো— কানাইঘাট, গোলাপগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর।
এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী।
ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় ছাত্রদল। সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।
প্রতিবাদ সমাবেশে অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হলেও পথে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা বাহুবল এলাকা থেকে মৌলভীবাজারে ফিরে যান।
এদিকে, বুধবার রাতে হবিগঞ্জে পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করে জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এনসিপি।
দলটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সিলেটের আরও তিনটি উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



