উদ্বোধনী আয়েই ইতিহাস! প্রথম ৩ দিনে আয়ের রেকর্ড গড়ে ১১ হাজার কোটি ছাড়

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাম্প্রতিক সময়টা খুব একটা স্বস্তির ছিল না। একের পর এক বড় বাজেটের সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাড়া না দেওয়ায় প্রশ্ন উঠেছিল স্টুডিওর ভবিষ্যৎ নিয়েও। তবে সেই মন্দা কাটিয়ে নতুন করে আশার আলো দেখাল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বজুড়ে ৯২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৩০০ কোটি টাকা। এই আয় দিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে টম হল্যান্ড অভিনীত এই সিনেমা। এর আগে এই তালিকার শীর্ষে রয়েছে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, যার উদ্বোধনী আয় ছিল প্রায় ১২২ কোটি ডলার।

মাত্র তিন দিনে ৯২ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি এর আনুমানিক ২২ কোটি ৫০ লাখ ডলারের নির্মাণ ব্যয়ও সহজেই তুলে নিয়েছে। ফলে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ২০২৬ সালের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আলোচনায় উঠে এসেছে ‘ব্র্যান্ড নিউ ডে’।

যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে সিনেমাটির উদ্বোধনী আয় হয়েছে ৩৫ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্য দিয়ে উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। এই তালিকাতেও শীর্ষে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৩৫ কোটি ৭০ লাখ ডলার)।

আন্তর্জাতিক বাজার থেকেও দুর্দান্ত সাড়া পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহ থেকে এসেছে আরও ৫৭ কোটি ২০ লাখ ডলার। বিশ্বের ৭৩ হাজারের বেশি পর্দায় মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক আয়ে সবচেয়ে বড় অবদান চীনের, যেখানে প্রথম সপ্তাহান্তেই আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ডলার। এছাড়া যুক্তরাজ্যে আয় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের সময়কে ঘিরে এগিয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’র গল্প। এবারও পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে।

মুক্তির পর দর্শক ও সমালোচক—দুই পক্ষের কাছ থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অনেক সমালোচকের মতে, স্পাইডার-ম্যান চরিত্রে এটিই টম হল্যান্ডের সেরা অভিনয়।

মার্ভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগিও সিনেমাটির উদ্বোধনী সাফল্যকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বড় পর্দায় যেভাবে এই সিনেমা দেখার জন্য তৈরি করা হয়েছিল, সেভাবেই দর্শক সেটি উপভোগ করেছেন।

বর্তমানে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র পাশাপাশি ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ সিনেমাটিও দ্রুত এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের মাইলফলক ছোঁয়ার দৌড়ে রয়েছে।

সর্বশেষ