জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলা ও অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দিলীপ ঘোষ। এই ঘটনাকে ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) দিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান যুক্ত হন। এর পরপরই মাগুরায় সাকিবের পৈতৃক বাড়িতে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, “এর আগেও সেদেশে এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে তা অমানবিক। আশা করব সেখানে শান্তি আসবে এবং আইনের শাসন ফিরবে।”
বাংলাদেশে যেকোনো রাজনৈতিক অস্থিরতার প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও জেন-জি’র নাম করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছিল, তবে ভারতের সমাজ ব্যবস্থা শক্ত হওয়ার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। যারা বাইরে থেকে অনুপ্রেরণা পেয়ে ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।



