সার্টিফিকেটে (সনদপত্র) নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার (৪ জুলাই) বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানপ্রধানদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।
বোর্ড জানিয়েছে, অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে ফরওয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে উল্লেখ করা হয়েছে।
ব্যবহার করতে হবে নিজস্ব মোবাইল নম্বর
নতুন নির্দেশনায় মোবাইল নম্বর ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারী করা হয়েছে। সংশোধনের আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো তৃতীয় ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।



