দীপিকার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যা জানা গেল

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকারের ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে দীর্ঘদিনের প্রচলিত গুঞ্জন ভেঙে এক নতুন তথ্য সামনে এসেছে। ২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ের আগেই ধর্ম পরিবর্তন করা দীপিকা এই সিদ্ধান্ত কোনো বিয়ের চাপের কারণে নয়, বরং সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিশ্বাস ও ভালো লাগা থেকে নিয়েছিলেন বলে জানিয়েছেন তার ‘সাসুরাল সিমার কা’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া।

সম্প্রতি সঞ্চালক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়তী ভাটিয়া জানান, এক সময় তিনি নিজেই দীপিকাকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন।

জয়তী বলেন, “আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বিয়ের জন্যই কি সে ধর্ম পরিবর্তন করেছে? দীপিকা স্পষ্ট না করে দেয়। জীবনের এক কঠিন সময়ে সে আজমীর শরিফে গিয়েছিল এবং সেখানেই তার মনে হয়েছিল সে এই সিদ্ধান্ত নিতে চায়। প্রার্থনার মাধ্যমে সে নিজের শক্তি খুঁজে পেয়েছিল। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।”

দীপিকার ওপর স্বামীর ধর্মের কাছে ‘আত্মসমর্পণ’ করার যেসব অভিযোগ ওঠে, সে প্রসঙ্গেও মুখ খোলেন জয়তী। তিনি জানান, দীপিকা ও শোয়েব দুজনই সবসময় একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন। দীপিকার অসুস্থতার সময় শোয়েব যেভাবে খেয়াল রেখেছেন, ঠিক তেমনই বছরের পর বছর দীপিকাও শোয়েবের পুরো পরিবারকে আগলে রেখেছেন।

উল্লেখ্য, ‘সাসুরাল সিমার কা’ ধারাবাহিকের প্রথম মৌসুমে একসঙ্গে অভিনয় করার সময় থেকেই দীপিকা ও শোয়েব ইব্রাহিমের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরবর্তীতে বিবাহবন্ধনে রূপ নেয়।

সর্বশেষ