বিশ্বব্যাপী ১০০ কোটিরও বেশি সাপ্তাহিক ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করার পর ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ওপেনএআই। এখন থেকে বিনামূল্যে ব্যবহারকারীরা সীমাহীন টেক্সট চ্যাট এবং নতুন একটি ‘থিংক’ (Think) বাটন ব্যবহারের সুযোগ পাবেন।
চলতি সপ্তাহ থেকেই ওপেনএআই তাদের নতুন এআই মডেল ‘জিপিটি-৫.৬ লুনা’ (GPT-5.6 Luna) ফ্রি ও গো গ্রাহকদের জন্য ডিফল্ট মডেল হিসেবে চালু করছে, যা পূর্বের জিপিটি-৫.৫ সংস্করণকে প্রতিস্থাপন করবে। আগামী সপ্তাহ থেকেই নতুন এই ফিচারের সুবিধা ধাপে ধাপে সবাই পাবেন।
যেসব নতুন সুবিধা যুক্ত হচ্ছে:
- সীমাহীন টেক্সট চ্যাট: বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের ক্ষেত্রে টেক্সট বার্তার ওপর থাকা সীমাবদ্ধতা তুলে নেওয়া হচ্ছে।
- ‘থিংক’ বাটন: জটিল ও বিশ্লেষণধর্মী প্রশ্নের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও গভীরভাবে যুক্তি প্রয়োগ ও সমাধানের নির্দেশ দিতে এই বাটন ব্যবহার করা যাবে।
- কমবে ভুল তথ্য: ওপেনএআইয়ের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, নতুন জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার আগের সংস্করণের চেয়ে প্রায় ৬২ শতাংশ কমেছে।
তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার কিংবা ইমেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে পূর্বের সীমাবদ্ধতাগুলো বহাল থাকছে।
প্লাস ও প্রো গ্রাহকদের জন্য নতুন চমক: পেইড অর্থাৎ প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে আরও প্রমিয়াম মডেল ‘জিপিটি-৫.৬ সল’ (GPT-5.6 Sol)। এতে ভুলের হার ৬৮ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পাশাপাশি পেইড গ্রাহকরা পাচ্ছেন ‘থিংকিং স্লাইডার’ ফিচার, যার মাধ্যমে এআই ঠিক কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন।
কোডিং, লেখালেখি, পরিকল্পনা ও দ্রুত নির্ভরযোগ্য উত্তর দিতে এই নতুন আপডেট চ্যাটজিপিটির অভিজ্ঞতাকে আরও অনন্য করবে বলে দাবি করছে ওপেনএআই।



