কাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে ভর্তি শুরু: জেনে নিন আবেদনের নিয়ম ও শর্তাবলি

১৫ আগস্ট ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার বিকেল ৪টা থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও ফি সংক্রান্ত বিস্তারিত নিয়ম জানানো হয়।

ভর্তির যোগ্যতা ও শর্তাবলি

  • উত্তীর্ণের সাল: ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) ও ডিপ্লোমা-ইন-কমার্স পাস করা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
  • বিশেষ সনদধারী: এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ডিন অফিসে সরাসরি বা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে আবেদন করতে হবে।
  • দ্বৈত ভর্তি সংক্রান্ত নিয়ম: বিগত ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সম্মান বা পাস কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন পাওয়া শিক্ষার্থীরা নতুন ভর্তি হতে পারবেন না। তবে আগের ভর্তি বাতিল করে আবেদন করা যাবে। কেউ দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তিই বাতিল বলে গণ্য হবে।

মেধা তালিকা ও নির্বাচন প্রক্রিয়া আবেদনকারীদের এসএসসি ও এইচএসসির প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরি করা হবে। সমপরিমাণ মেধা নম্বর থাকলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০:৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। চূড়ান্ত সমতার ক্ষেত্রে বয়সে ছোট শিক্ষার্থী অগ্রাধিকার পাবেন।

ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১ম ও ২য় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে। এবারও ৩য় রিলিজ স্লিপের কোনো সুযোগ রাখা হয়নি।

আবেদন ফি প্রাথমিক আবেদন ফরমসহ ফি বাবদ মোট ১,০০০ (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদন যাচাই করে অনলাইনে নিশ্চয়ন না করলে মেধা তালিকায় শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হবে না।

আবেদন করবেন যেভাবে ১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Applicant Login অংশের Degree Pass-এ ক্লিক করুন। ২. এরপর বাম পাশের Apply Now বাটনে ক্লিক করে এসএসসি ও এইচএসসির রোল ও বোর্ড সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করুন। ৩. স্ক্রিনে প্রদর্শিত তথ্যাবলি যাচাই করার পর বিভাগ ও জেলা ভিত্তিক College Selection Option থেকে পছন্দের কলেজ বেছে নিন। ৪. শূন্য আসন বিবেচনা করে ভর্তিযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ পূর্বক সর্বোচ্চ ৫টি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে ফরম নিশ্চিত করুন। ৫. আবেদন সম্পন্ন হলে ফরমটি অফসেট সাদা কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংরক্ষণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিন এবং নির্ধারিত নিয়মে ফি পরিশোধ করুন।

সর্বশেষ