পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষ ইউনিট

২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশে ক্রমাগত বৃদ্ধি পাওয়া সাইবার অপরাধ দমন, ডিজিটাল ফরেনসিক প্রমাণের তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তিগত অপরাধের তদন্তকে একই ছাতার নিচে আনতে বাংলাদেশ পুলিশে গঠিত হতে যাচ্ছে নতুন ‘সাইবার পুলিশ ইউনিট’। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে বিশেষায়িত এই স্বতন্ত্র ইউনিটটি পরিচালিত হবে।

প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও বিদ্যমান সরঞ্জাম ব্যবহার করেই এই ইউনিটের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে এর প্রয়োজনীয় পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদ সৃষ্টি ও লজিস্টিকস চূড়ান্ত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে পুলিশের অধীনে নতুন এই বিশেষায়িত ইউনিট গঠনের নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

চিঠিতে জানানো হয়, নতুন পদ সৃষ্টি ও যানবাহনসহ পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সমন্বিত কাঠামোর তাগিদ বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-সহ পুলিশের বিভিন্ন ইউনিট আলাদাভাবে সাইবার অপরাধের তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ পরিচালনা করছে। বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা এসব সক্ষমতাকে একটি স্থায়ী ও কেন্দ্রীয় কাঠামোর আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই ইউনিট গঠন হলে বিভিন্ন শাখায় ছড়িয়ে থাকা দক্ষ ও প্রশিক্ষিত সাইবার বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তাদের এনে এই ইউনিটে যুক্ত করা হবে।

কার্যক্রম ও এখতিয়ার পুনর্নির্ধারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান কাঠামোকে পুরোপুরি শূন্য থেকে তৈরি না করে পূর্বে থাকা কারিগরি সক্ষমতা ও জনবলকে পুনর্গঠন করা হচ্ছে। নতুন সাইবার পুলিশ ইউনিট পুরোদমে চালু হলে সিআইডি, ডিএমপি ও থানা পুলিশের কাজের ক্ষেত্র এবং এখতিয়ারের পুনর্বিন্যাস ঘটবে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ জানান, দ্রুততম সময়ের মধ্যে ইউনিটের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত কাঠামোর প্রয়োজনীয় সংশোধন শেষে তা চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সর্বশেষ