২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি প্রার্থীকে কাফনের কাপড়সহ চিঠি, হাদির মতো হত্যার হুমকি

৪ জানুয়ারি ২০২৬

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয় থেকে পাঠানো একটি চিঠির সঙ্গে তাকে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়েছে। চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে।

গত ২৩ ডিসেম্বর পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো এই চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামের একটি গোষ্ঠীর উল্লেখ করা হয়েছে। চিঠিতে শাহজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে বলা হয়, তিনি ২৪ ঘণ্টা তাদের ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে আছেন এবং তাকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গুলিতে নিহত হয়েছিলেন, চিঠিতে সেই ঘটনার উল্লেখ করে ভয় দেখানো হয়েছে।

এ প্রসঙ্গে শাহজাহান চৌধুরী জানান, তাকে দুর্বল করার জন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই কাজ করতে পারে। তবে তিনি এ ধরনের হুমকিতে বিচলিত নন এবং নির্বাচনে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, এই হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সর্বশেষ