বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। সোমবার সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমানের বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই। ছাত্রত্ব না থাকার বিষয়ে তিনি জানিয়েছেন সাংগঠনিক ব্যস্ততার কারণে মাস্টার্সের সার্টিফিকেট তুলতে না পারায় এ বছর এমফিলে ভর্তি হতে পারেননি তবে আগামী সেশনে ভর্তি হবেন। বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এর আগে গত ডিসেম্বরে একটি প্রতিবাদী সমাবেশে বাম ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন মোস্তাফিজুর রহমান। শিবিরের বিদায়ী সভাপতি মুহিবুর রহমান জানিয়েছেন খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।



