‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

২৭ জানুয়ারি ২০২৬

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে এবার সরব হলেন টলিউডের সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি হরিয়ানার কর্নলে একটি স্টেজ শো করতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তার শিকার হন মৌনী।

কর্নলের ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মৌনী রায়। মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন। অভিনেত্রীর অভিযোগ, ভিড়ের মধ্যে দাদুর বয়সী দুই ব্যক্তি এবং তাদের পরিবারের কয়েকজন পুরুষ সদস্য তার কোমরে অশালীনভাবে হাত দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন মৌনী। তিনি লেখেন, মঞ্চের দিকে এগোনোর সময় কয়েকজন ব্যক্তি জোর করে তার কোমরে হাত রেখে ছবি তুলতে শুরু করেন। তিনি বাধা দিলে বিষয়টি তারা স্বাভাবিকভাবে নেয়নি বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

মৌনীর এই সাহসী প্রতিবাদের পাশে দাঁড়িয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন। শুভশ্রী লেখেন, আমরা নতুন বছর উদযাপন করলেও বাস্তবে কিছুই বদলায়নি। ২০২৬ সালেও নারীরা এখনও হেনস্তার শিকার হচ্ছেন এবং ভোগ্যপণ্যের মতো আচরণের সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, মৌনীর সঙ্গে যা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শক্তিশালী নারী হিসেবে মৌনী সকল নারীর প্রতিনিধি হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। শুভশ্রী মৌনীকে ধন্যবাদ ও ভালোবাসা জানান তার এই প্রতিবাদের জন্য।

এই ঘটনায় বিনোদন জগতে নতুন করে নারীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ