১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা আ. লীগ নেতার

২৮ জানুয়ারি ২০২৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা ৩০০ নেতাকর্মী নিয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কনেশ্বর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা এলাকায় নিজ বাসভবনে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনিছুর রহমান বাচ্চু মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একই ইউনিয়ন থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, যার মধ্যে একবার তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।

বুধবার দুপুরে তিনি নিজের বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠক শেষে আনিছুর রহমান বাচ্চু মাদবর তার অনুসারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাদের উদ্দেশে বলেছেন—যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা নিজেদের রাজনৈতিক পরিচয় বজায় রেখেই সহযোগিতা করতে পারেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তার এই বক্তব্যে কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের বহু নেতাকর্মী তাকে সমর্থন জানিয়েছেন বলে জানান তিনি।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতোমধ্যে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। তিনি বলেন, সবাই মিলে একটি পরিবারের মতো থেকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজ করা হবে।

সর্বশেষ