কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন—ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মো. মোমেন (৩৮) ও চণ্ডিবের এলাকার মো. আবদুল্লাহ (৪০)। আহত নিপু (৩৬) বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব বাজারের তিন মাছ ব্যবসায়ী একটি মোটরসাইকেলে করে আশুগঞ্জ যাচ্ছিলেন। সেতুর মাঝখানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় মোমেন ও আবদুল্লাহর মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকসহ চালক পারভেজকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



