গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গত ২১ জানুয়ারি দিল্লির একটি সুরক্ষিত বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুবলীগ নেতা জামাল খান। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী স্থায়ী এই সাক্ষাতে শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী দেখা গেছে বলে দাবি করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। কঠোর নিরাপত্তার কারণে সেখানে মোবাইল ফোন বা কোনো ব্যক্তিগত সামগ্রী নেওয়ার অনুমতি ছিল না। উল্লেখ্য যে ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম কোনো প্রতিনিধিদল সরাসরি তার সাথে দেখা করার বিষয়টি সামনে এল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারত সরকারকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছেন এবং দেশে ফিরে অবসর নিতে চান।



