৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গোলাপি আভায় জয়া আহসানের জাদু

৩১ জানুয়ারি ২০২৬

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ক্যারিয়ারে এখন যেন সোনালি সময়। একের পর এক কাজের ব্যস্ততা, তার সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সম্মাননা—সব মিলিয়ে সময়টা তার জন্য বেশ অনুকূল। সম্প্রতি কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন তিনি। সুমন মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’–তে অভিনয়ের জন্য এই স্বীকৃতি পান জয়া।

সাফল্যের এই আনন্দের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেসব ছবিতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। গোলাপি আভায় ধরা দেওয়া জয়াকে দেখে মুগ্ধ ভক্তরা।

বর্তমানে টালিগঞ্জেই অবস্থান করছেন জয়া আহসান। সেখানে বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকছেন তিনি। শনিবার নিজের ফেসবুক পেজে একাধিক ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী, যেখানে কলকাতার শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের সঙ্গেও তাকে দেখা যায়।

ছবিগুলোতে জয়ার পরনে ছিল স্লিভলেস হল্টার-নেক ডিজাইনের গোলাপি গাউন। পোশাকটির ওপেন-ব্যাক কাট তার লুকে যোগ করেছে আধুনিকতা ও আত্মবিশ্বাসী ছোঁয়া। চুলে পরিপাটি পনিটেল আর কানে ছোট টপ—সব মিলিয়ে ছিল রুচিশীল ও মার্জিত উপস্থিতি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “গোলাপি আভা, অকৃত্রিম মুহূর্ত, চিরন্তন এক সন্ধ্যা…”

ছবির পেছনের আবহে দেখা যায় পুরস্কারের ক্রেস্ট ও একটি পুরোনো প্রজেক্টর, যা যেন তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারেরই প্রতীক। অভিনয়ের পাশাপাশি জয়ার ফ্যাশন সেন্স ও চিরসবুজ সৌন্দর্য বরাবরই দর্শকের প্রশংসা কুড়িয়েছে, আর এই নতুন লুকেও তার ব্যতিক্রম হয়নি।

পোস্টের মন্তব্যঘরে ভক্তদের ভালোবাসার ঢল নেমেছে। কেউ লিখেছেন, “পিঙ্ক হিউসে জয়া মানেই অন্যরকম গ্রেস।” আবার কেউ বলছেন, “কি মিষ্টি লাগছে!”—অনেকে প্রশংসা করেছেন তার স্টাইল ও উপস্থিতির।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে টালিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা ‘ওসিডি’। সব মিলিয়ে অভিনয় ও জনপ্রিয়তার শীর্ষে সময় কাটাচ্ছেন এই গুণী অভিনেত্রী।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬