মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুক্রবার শুরু শারদীয় দুর্গাপূজা

১৫ অক্টোবর ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রতিমার সাজে পূর্ণতা আর বাতাসে শিউলিঝরা আগমনী সুর। মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে চূড়ান্ত ব্যস্ততা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গোৎসবের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পূজা উদ্‌যাপন কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ২৫৮টি।

ঘোড়ায় আগমন, নৌকায় গমন

পঞ্জিকা ও তিথি অনুযায়ী এবার দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটছে ঘোড়ায় চড়ে, আর বিদায় নেবেন নৌকায়। এছাড়া এবারের পূজার বিশেষ আকর্ষণ হলো তিথির হিসেবে মহা সপ্তমী থাকছে টানা দুই দিন।

নিচ্ছিন্দ্র নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি

পূজার আনন্দ ও সার্বজনীন উৎসবে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনির্দিষ্ট বুথ ও বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে সব ভেদাভেদ ও সাম্প্রদায়িকতা ভুলে উৎসবের আমেজে মেতে উঠতে পারে পুরো দেশ।

সর্বশেষ