তিতুমীর কলেজে সনাতন সোসাইটির ফল উৎসব

২৮ জুন ২০২৬

স্বাস্থ্য, পুষ্টি ও প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে সিজনাল ফল উৎসব। কলেজের সনাতন সোসাইটি ফর কালচার অ্যান্ড এডুকেশনের উদ্যোগে রোববার (২৮ জুন) কলেজ মন্দিরে এ উৎসবের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য এবং কৃষকের পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় ফল খাওয়ার প্রতি আগ্রহ বাড়ানোও ছিল উৎসবের অন্যতম লক্ষ্য।

উৎসবে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বিভিন্ন দেশীয় মৌসুমি ফলে। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, কলা, তরমুজ, বরইসহ নানা ধরনের ফলের সমাহারে উৎসবস্থল হয়ে ওঠে বর্ণিল। আয়োজকদের ভাষ্য, এসব ফল ভিটামিন, খনিজ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

অনুষ্ঠানে ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা ও জ্ঞানগর্ভ বক্তব্য পরিবেশন করা হয়। এছাড়া দেশীয় সংস্কৃতি, স্বাস্থ্য সচেতনতা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে সরকারি তিতুমীর কলেজের সনাতনী শিক্ষার্থীদের পাশাপাশি মন্দিরের সাবেক ও বর্তমান উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। তারা মন্দিরের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের ঐক্য এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এ আয়োজন সনাতনী শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার মাঝে প্রসাদ ও বিভিন্ন মৌসুমি ফল বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

এন আই / নিইজ ১০

সর্বশেষ