৫৪ বছরের ঐতিহ্যবাহী লাইফস্টাইল ব্র্যান্ড মৌসুমি লাইফস্টাইল মার্ট রাজধানীর অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক–এর ফার্স্ট ফ্লোরে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে। ১৯৭২ সাল থেকে মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে আসা প্রতিষ্ঠানটি এবার কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
রবিবার (১ মার্চ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক। এ সময় কোম্পানির প্রধান কর্মকর্তা এনএইচ ফাহিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে নুসরাত ফারিয়া বলেন, মৌসুমি লাইফস্টাইল মার্ট দীর্ঘদিন ধরে গুণগত মান ও গ্রাহক আস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে আসছে। নতুন ও সুসজ্জিত এই আউটলেটের উদ্বোধনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত এবং আশা প্রকাশ করেন, ক্রেতারা এখানে একটি চমৎকার কেনাকাটার অভিজ্ঞতা পাবেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা ওসান আহমেদ অর্ক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রাহকদের বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালুর মাধ্যমে আরও বৃহৎ পরিসরে সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আধুনিক পরিবেশ, মানসম্পন্ন পণ্য এবং গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও ক্রেতাদের আস্থা ধরে রাখতে চায়।
নতুন এই আউটলেটের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারে নিজেদের উপস্থিতি আরও জোরদার করার পাশাপাশি গ্রাহকদের জন্য উন্নত ও স্বাচ্ছন্দ্যময় শপিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে।



