ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনের ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষ হয়েছে। রোববার (২২ মার্চ) তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।
আদালতে নেওয়ার সময় সাংবাদিকরা হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করলে ফয়সাল সরাসরি দায় অস্বীকার করে বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।’ তবে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কি না—এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। এর আগে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে দাবি করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছিল এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিল। উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি।



