আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৯তম আসরের আগে মাঠের বাইরের একের পর এক দুঃসংবাদে বিপর্যস্ত কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশেষ করে পেস বোলিং বিভাগ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শাহরুখ খান ও কোচ অভিষেক নায়ার। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই যেন কেকেআর শিবিরে বিপদের মেঘ ঘনীভূত হচ্ছে।
চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশির ইনজুরিতে পড়া এই বোলার এপ্রিলের মাঝামাঝির আগে মাঠে ফিরতে পারছেন না। এছাড়া পিঠের ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন ভারতীয় পেসার আকাশ দীপ, যার সুস্থ হতে অন্তত তিন মাস সময় লাগবে। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে আসরের বড় একটি অংশ মিস করবেন তরুণ তুর্কি হার্ষিত রানা। রেকর্ড ২৫.২০ কোটি রুপিতে দলে নেওয়া অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ইনজুরি কাটিয়ে ফিরলেও তিনি পুরো ৪ ওভার বোলিং করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কেকেআর। বর্তমানে স্কোয়াডে বৈভব অরোরা, উমরান মালিক ও কার্তিক তিয়াগির মতো তরুণরা থাকলেও অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। আকাশ ও পাথিরানাদের শূন্যতা পূরণে কলকাতা এখন নতুন কোনো পেসারের সন্ধানে রয়েছে।



