২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

২২ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দুই দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২২ মার্চ) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

২৬ মার্চের কর্মসূচি: স্মৃতিসৌধ ও মাজারে শ্রদ্ধা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ওই দিন সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

২৫ মার্চের কর্মসূচি: আলোচনা সভা এর আগে ২৫ মার্চ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন। দিবসটি উপলক্ষে বিএনপি ইতিমধ্যে বিশেষ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সারাদেশে পালিত হবে কর্মসূচি রুহুল কবির রিজভী জানান, কেন্দ্রের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা ও সংশ্লিষ্ট কর্মসূচির আয়োজন করবে। দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকেও নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত এই কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ