ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত প্রক্রিয়া ও ৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্ধারিত সময়সূচির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভর্তি সংক্রান্ত ৪টি বিশেষ নির্দেশনা:
১. অনলাইন কার্যক্রম শুরু: গত ১০ মার্চ থেকে অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২. ফি প্রদানের শেষ সময়: অনলাইনে ভর্তি ফি প্রদানের শেষ তারিখ আগামী ২৮ মার্চ। ৩. বিভাগ ও ইনস্টিটিউটে রিপোর্ট: অনলাইনে ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এবং নির্ধারিত হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪. সরাসরি উপস্থিত হওয়ার সময়সূচি: সশরীরে বিভাগ, ইনস্টিটিউট ও হলে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য আগামী ৬ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।
খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ
জাতীয় পর্যায়ের খেলোয়াড় সুবিধায় যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ‘নোটিশ সেকশন’-এর খেলোয়াড় মেনু থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফি প্রদান এবং পরবর্তীতে সশরীরে উপস্থিত হয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।



