১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ নাকি ২৮ মে ঈদ? ঈদুল আজহার তারিখ নিয়ে যা জানা গেল

১৭ মে ২০২৬

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এসেছে। আর এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের সম্ভাব্য ও চূড়ান্ত তারিখ ঘোষণা করা শুরু হয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন—আসলে কত তারিখে উদযাপিত হবে এবারের ঈদ?

সবার আগে তারিখ ঘোষণা করল যে দুই দেশ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ মে) দেশটিতে জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসাবে আগামী ২৭ মে তিউনিসিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার ওপর নির্ভর না করে, সম্পূর্ণ বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে তুরস্ক। দেশটিতেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে কবে ঈদ?

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’র তারিখ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সেখানে জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস (হজ) এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

অন্যান্য দেশের সম্ভাব্য তারিখ

  • পাকিস্তান: দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।
  • যুক্তরাজ্য ও ইউরোপ: মুসলিম জীবন বিষয়ক শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম ‘হাইফেন অনলাইন’ জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সেখানে ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা শুরু হতে পারে।

বাংলাদেশে ঈদ কবে?

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সেই নিয়ম অনুযায়ী, আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভর করে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার পরই জানা যাবে বাংলাদেশে ঈদের সঠিক দিন।

সর্বশেষ