মেটায় চালু হচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, সুবিধা পাবেন না যারা

৩০ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্ট ও সাইবার প্রতারণা রুখতে বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এর মাধ্যমে মেটা নিশ্চিত করবে অ্যাকাউন্টটি কোনো প্রকৃত ব্যক্তির, নাকি এআই ব্যবহার করে বানানো ভুয়া পরিচয়। তবে মেটার অর্থের বিনিময়ে পাওয়া ‘মেটা ভেরিফায়েড’ থেকে এটি সম্পূর্ণ ভিন্ন এবং এর জন্য কোনো ফি দিতে হবে না।

বর্তমানে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারটিতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। পরে মেটা অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে ওই ভিডিও মিলিয়ে ভেরিফায়েড ব্যাজ প্রদান করবে।

যারা পাবেন না এই ব্যাজ মেটা স্পষ্ট জানিয়েছে, বিনামূল্যে দেওয়া এই ভেরিফায়েড ব্যাজ সবাই পাবেন না। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না:

  • বয়সসীমা: ব্যবহারকারীর বয়স ১৮ বছরের কম হলে এই ব্যাজ পাওয়া যাবে না।
  • কমিউনিটি স্ট্যান্ডার্ড: ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড না মানলে বা অ্যাকাউন্ট সচল না থাকলে।
  • সন্দেহজনক কার্যক্রম: অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে।
  • পেজ ও প্রফেশনাল মোড: ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্টের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না।
  • যাচাইয়ে ব্যর্থতা: সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাইয়ে সফল না হলে ভেরিফিকেশন দেওয়া হবে না।

ব্যাজ দেখা যাবে যেখানে পরিচয় সফলভাবে যাচাই হলে এই ব্যাজটি প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।

তবে মেটা পরামর্শ দিয়েছে, এই ব্যাজটি কেবল অ্যাকাউন্টধারী একজন বাস্তব মানুষ কি না তা নির্দেশ করে; ব্যক্তির সততা বা আচরণের নিশ্চয়তা দেয় না। তাই লেনদেন ও যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। খুব দ্রুতই ফিচারটি বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

সর্বশেষ