২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে জানালেন চিফ হুইপ

২৮ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নুরুল ইসলাম মনি বলেন, প্রায় সব সংসদ সদস্যকে আবাসন সুবিধার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ, হুইপ ও স্পিকারের জন্য আলাদা বাসভবনের ব্যবস্থা থাকলেও অন্য সদস্যদের জন্যও প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়সহ প্রস্তুতি সম্পন্ন করতে ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বিষয়টি নিয়ে ৩০ মার্চ আবারও বৈঠকে বসবে সংসদ কমিটি।

এদিকে গত ১২ মার্চ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রের ত্রুটির কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়। পরদিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্যরা।

এ প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, বিষয়টি তদন্তে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে ‘স্যাবোটাজ’ হয়েছে কি না এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত সমস্যা কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

সমস্যা সমাধানে বিশেষজ্ঞ মতামত নিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। হেডফোন নিয়ে অসন্তোষের কথাও উল্লেখ করে চিফ হুইপ বলেন, বর্তমান বড় আকারের হেডফোন ব্যবহার অস্বস্তিকর, তাই সেটি পরিবর্তনের উদ্যোগ নেয়া হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের সংসদ কমিটি গঠন করা হয়, যার মূল কাজ সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করা।

সর্বশেষ