ঘরের মাঠে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ মে) মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো এই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেন। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলকে নেতৃত্ব দেবেন শার্লট এফসির অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম।
দলে প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ান পুলিসিচ, ফ্লোরিয়ান বালোগুন, রিকার্ডো পেপি এবং জিওভান্নি রেইনার মতো বিশ্বমানের একঝাঁক তারকা।
ঐতিহাসিক সাফল্যের স্বপ্ন মার্কিন শিবিরে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ৩৭ বছর বয়সী অধিনায়ক টিম রিমের অভিজ্ঞতা দলের তরুণদের জন্য বড় শক্তি হবে বলে মনে করা হচ্ছে। স্কোয়াড ঘোষণার পর নিউইয়র্কে এক সাক্ষাৎকারে রিম বলেন, “আমি দলের সবাইকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছি। ২০২২ সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।”
এদিকে দলের অন্যতম প্রধান ফরোয়ার্ড টিম উইয়াহ এবারও আক্রমণভাগে বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। ২০২২ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে তার করা ঐতিহাসিক গোল যুক্তরাষ্ট্রকে নকআউট পর্বে তুলতে অবদান রেখেছিল। উইয়াহ তার অনুভূতি প্রকাশ করে বলেন, “গতবার আমরা কিছুটা আক্ষেপ নিয়ে বিদায় নিয়েছিলাম। তবে এবার ঘরের মাঠে আমরা বড় কিছু করার আশা নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।”
ঘোষিত ২৬ সদস্যের যুক্তরাষ্ট্র স্কোয়াড:
- গোলরক্ষক: ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভোল্যুশন), ক্রিস ব্র্যাডি (শিকাগো এফসি), ম্যাট ফ্রিজ (নিউইয়র্ক সিটি এফসি)।
- রক্ষণভাগ (ডিফেন্ডার): টিম রিম (শার্লট এফসি), সার্জিনো ডেস্ট (পিএসভি), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টনি রবিনসন (ফুলহ্যাম), ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুস এফসি), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), জো স্ক্যালি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), অস্টন ট্রাস্টি (সেল্টিক)।
- মিডফিল্ডার (মাঝমাঠ): উইস্টন ম্যাককিনে (জুভেন্টাস), টাইলর অ্যাডামস (বোর্নমাউথ), জিওভান্নি রেইনা (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), টিম উইয়াহ (মার্শেই), সেবাস্টিয়ান বারহল্টার (ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস), ক্রিস্টিয়ান রোল্ডান (সিয়াটল সাউন্ডার্স), ব্রেন্ডন অ্যারনসন (লিডস ইউনাইটেড), মালিক তিলম্যান (বায়ার লেভারকুসেন)।
- আক্রমণভাগ (ফরোয়ার্ড): ক্রিস্টিয়ান পুলিসিচ (এসি মিলান), ফ্লোরিয়ান বালোগুন (মোনাকো), রিকার্ডো পেপি (পিএসভি), আলেজান্দ্রো জেন্দেজাস (ক্লাব আমেরিকা) ও হাজি রাইট (কোভেন্ট্রি সিটি)।



