১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮০ দিনের মধ্যে ৯ হাজার কারিগরি শিক্ষককে ট্যাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

১ এপ্রিল ২০২৬

 শিক্ষা খাতে ডিজিটাল অবকাঠামো জোরদারে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারিগরি ও দক্ষতা উন্নয়নে ১৭২ জন শিক্ষার্থীকে জাপানি ও ইতালীয় ভাষা শিক্ষার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া তিনি আরও বলেন, ১৮০ দিনের মধ্যে দেশের ৯ হাজার কারিগরি শিক্ষকের হাতে উন্নত প্রযুক্তির ট্যাব সরবরাহ করা হবে।

আজ বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ বৈঠকের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, আজকের প্রশ্নোত্তর পর্বের শুরুতে প্রধানমন্ত্রী তার জন্য বরাদ্দকৃত ৩০ মিনিটে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের নানামুখী অগ্রগতির চিত্র তুলে ধরেন।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৮০ দিনের মধ্যে ৯ হাজার শিক্ষকের হাতে ট্যাব তুলে দেওয়া হবে।’

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতে ডিজিটাল অবকাঠামো জোরদারে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারিগরি ও দক্ষতা উন্নয়নে ১৭২ জন শিক্ষার্থীকে জাপানি ও ইতালীয় ভাষা শিক্ষার আওতায় আনা হবে।

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী আরও জানান, দেশের ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হবে।

শিশুদের কল্যাণে ও ঝরে পড়া রোধে গৃহীত বিশেষ কর্মসূচির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হয়েছে এবং শিগগিরই প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য এ সুবিধা সম্প্রসারণ করা হবে।’

সর্বশেষ