লিফট ছেড়ে সিঁড়িতে ওঠানামায় কমতে পারে যে ঝুঁকি

২৪ সেপ্টেম্বর ২০২৬

শরীরচর্চার জন্য আলাদা করে সময় বের করা অনেকের জন্যই কঠিন। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে পরিবর্তন এনেই শরীরকে সুস্থ রাখা সম্ভব। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পর্যালোচনা অনুযায়ী, লিফটের বদলে নিয়মিত সিঁড়ি ব্যবহার করলে হৃদযন্ত্র ও রক্তনালির স্বাস্থ্য ভালো থাকে এবং একাধিক মারাত্মক স্বাস্থ্যঝাঁকি উল্লেখযোগ্যভাবে কমে।

২০২৬ সালের ১৩ আগস্ট ‘আমেরিকান জার্নাল অব কার্ডিওভাসকুলার ড্রাগস’-এ প্রকাশিত একটি সমন্বিত বিশ্লেষণে সিঁড়ি ভাঙার সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমার সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। গবেষণায় ৩৫ থেকে ৮৪ বছর বয়সী মোট ৪ লাখ ৮০ হাজার ৪৭৯ জন মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়, যার মধ্যে ৫৩ শতাংশ ছিলেন নারী। সুস্থ মানুষের পাশাপাশি আগে হৃদরোগে আক্রান্ত হওয়া ব্যক্তিরাও এই পর্যালোচনার অন্তর্ভুক্ত ছিলেন।

মৃত্যুর ঝুঁকি কমে ৩৯ শতাংশ গবেষণার তথ্য অনুযায়ী, যারা নিয়মিত সিঁড়ি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে হৃদযন্ত্র ও রক্তনালিসংক্রান্ত সমস্যায় মৃত্যুর ঝুঁকি সিঁড়ি না ওঠা ব্যক্তিদের তুলনায় ৩৯ শতাংশ কম। পাশাপাশি, যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকিও ২৪ শতাংশ কম দেখা গেছে। শুধু মৃত্যুর ঝুঁকিই নয়, নিয়মিত সিঁড়ি ওঠানামা করা ব্যক্তিদের হৃদরোগে আক্রান্ত হওয়া, মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া (স্ট্রোক) এবং হৃদযন্ত্রের দুর্বলতার ঘটনাও তুলনামূলকভাবে কম।

প্রতিদিন কত ধাপ সিঁড়ি ওঠা প্রয়োজন? গবেষণায় প্রতিদিন ঠিক কত তলা বা কত ধাপ সিঁড়ি উঠতে হবে, তার নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। তবে গবেষকরা জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলেও যা হৃদস্পন্দন বাড়ায়—এমন সাধারণ শারীরিক কর্মকাণ্ড নিয়মিত করা উচিত। একবারে বেশি সিঁড়ি না উঠে দিনের বিভিন্ন সময়ে সুযোগ পেলেই লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা যেতে পারে।

তবে গবেষকরা উল্লেখ করেছেন, এটি একটি পর্যবেক্ষণভিত্তিক গবেষণা। অর্থাৎ সিঁড়ি ওঠার সাথে ঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেলেও এটিই একমাত্র কারণ কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না। তা সত্ত্বেও দৈনন্দিন যাতায়াতে লিফটের বদলে সিঁড়ি বেছে নেওয়াকে শরীরচর্চার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ