অবৈধভাবে বসবাসরত প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধ করার লক্ষ্যে একটি বড় ধরনের ‘অ্যামনেস্টি’ বা সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে স্পেন সরকার। এর ফলে দেশটিতে অবস্থানরত কয়েক হাজার বাংলাদেশি নাগরিকও বৈধ হওয়ার সুযোগ পাবেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া
স্পেন সরকারের ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অভিবাসীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি (Working Permit) পাবেন।
- অনলাইন আবেদন শুরু: ১৬ এপ্রিল ২০২৬।
- সরাসরি আবেদন গ্রহণ: ২০ এপ্রিল ২০২৬ থেকে।
- আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৬।
বৈধ হওয়ার শর্তাবলি
স্পেনের অভিবাসনমন্ত্রী ইলমা সেইজ জানিয়েছেন, এই সুবিধার আওতায় আসতে হলে আবেদনকারীদের দুটি প্রধান শর্ত পূরণ করতে হবে: ১. আবেদনকারীকে অবশ্যই ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং অন্তত পাঁচ মাস সেখানে বসবাস করতে হবে। ২. আবেদনকারীর কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড (Criminal Record) থাকা চলবে না।
সরকারের বক্তব্য
স্পেন সরকার মনে করছে, শ্রমবাজারে নিযুক্ত এই অভিবাসীরা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের বৈধ মর্যাদা দেওয়া একটি ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয় পদক্ষেপ। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই উদ্যোগকে ‘ন্যায়বিচারের পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন।



