২০২৬ বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী মূল্য নিয়ে ফুটবল বিশ্বে গত কয়েকদিন ধরেই ব্যাপক সমালোচনা চলছে। কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১০ গুণ বেশি। এই অস্বাভাবিক দামের পেছনে মূল কারণ কী, তা অবশেষে পরিষ্কার করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের টিকিটের দাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় বাজারের বাস্তবতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত এক অর্থনৈতিক সম্মেলনে ইনফান্তিনো টিকিটের উচ্চমূল্যের যৌক্তিকতা তুলে ধরেন।
ইনফান্তিনো জানান, ফিফার আয়ের প্রধান এবং একমাত্র বড় উৎস হলো এই বিশ্বকাপ, যা প্রতি চার বছর অন্তর মাত্র এক মাসের জন্য আয়োজিত হয়। এই এক মাসের আয় দিয়েই পরবর্তী চার বছর বিশ্বজুড়ে ফুটবলের সার্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি বলেন, “বিশ্বকাপ থেকেই আমরা মূলত রাজস্ব পাই। সেই অর্জিত অর্থই পরবর্তীতে ফিফার সদস্যভুক্ত ২১১টি দেশের ফুটবল উন্নয়নে বিনিয়োগ করা হয়।” মূলত বিশ্বব্যাপী ফুটবলের প্রসার এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এবার টিকিটের এমন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ফিফা প্রধান। তবে সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে এই উচ্চমূল্য কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়ে আলোচনা থামছে না।



